টেকনোক্র্যাটে হ্যাট্রিক মন্ত্রী হচ্ছেন স্থপতি ইয়াফেস ওসমান

১০ জানুয়ারি, ২০২৪ ২০:৫৩  

দ্বাদশ সংসদের নতুন মন্ত্রিসভায় জায়গায় ফের টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে যুক্ত হচ্ছেন স্থপতি ইয়াফেস ওসমান। বুধবার মন্ত্রীপরিষদ সচিবালয় থেকে প্রকাশিত ২৫ জন পূর্ণ মন্ত্রীর তালিকায় তার নাম প্রকাশিত হয়েছে।

এ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেছেন, টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে তাকে ফোন করে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার শপথ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ নেয়ার পর দফতর বন্টন হবে।

প্রসঙ্গত, সংসদ নেতা শেখ হাসিনার আবেদন অনুযায়ী এবারের মন্ত্রীসভায় ১১ জন প্রতিমন্ত্রীকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

কথা সাহিত্যিক শওকত ওসমানের ছেলে স্থপতি ইয়াফেস ওসমান ১৯৭০ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। বুয়েটের ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে ইউকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি। ছাত্র জীবনে তিনি বাম ধারার রাজনৈতিক ছিলেন। পরে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আওয়ামী লীগে যোগদান করেন। ওসমান একজন মুক্তিযোদ্ধা। তিনি ন্যাপ কমিউনিস্ট গেরিলা বাহিনীর হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২নং সেক্টরে যুদ্ধ করেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি তিনি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি দ্বিতীয়বারের মত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। ৬ নভেম্বর ২০১৮ তারিখে প্রধানমন্ত্রী ইয়াফেস ওসমানসহ চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিলে ঐ দিনই তারা পদত্যাগপত্র জমা দেন এবং ৯ ডিসেম্বর ২০১৮ তারিখে তাদের পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট প্রকাশিত হয়। তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি টানা ৩য় মেয়াদে পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হন।